Ridge Bangla

বগুড়ায় জমিজমা বিরোধে ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

বগুড়া শহরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী ও জামায়াত নেতা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাহবুব নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন