Ridge Bangla

ফিলিস্তিনপন্থী পদযাত্রায় অংশ নেওয়া তিন নারীকে মুক্তি দিল সিঙ্গাপুর

ফিলিস্তিনপন্থী পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে মুক্তি দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ফিলিস্তিনের প্রতি মানবিক সহায়তা এবং সংহতি জানাতে রাষ্ট্রপতির দপ্তরের দিকে তারা একটি পদযাত্রা আয়োজন করেছিলেন।

দেশটির সরকার বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ মিছিল করার মামলা করেছিল। তবে আদালত রায়ে বলেছে, তাদের কার্যক্রম অভিযোগের পূর্ণ মানদণ্ডে পড়ে না। অভিযুক্তদের মধ্যে একজন হলেন কমিউনিটি সংগঠক মোসাম্মদ সবিকুন নাহার। তিনি বিবিসি নিউজকে বলেন, “এই অপ্রত্যাশিত রায় সিঙ্গাপুরের সামাজিক আন্দোলনে নতুন শক্তি ও আশা যোগ করবে।”

সিঙ্গাপুরে জনসমাবেশ বা প্রতিবাদ খুবই বিরল। দেশটিতে কঠোর আইন অনুযায়ী কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে গণসমাবেশ আয়োজনের জন্য পুলিশ অনুমতি বাধ্যতামূলক। কর্তৃপক্ষ ইসরায়েল-গাজা যুদ্ধ সম্পর্কিত যে কোনো সভা-সমাবেশ কার্যত নিষিদ্ধ করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে নাহার, কন্টেন্ট নির্মাতা সিতি আমিরাহ মোহাম্মদ আসরোরি ও কর্মী কোকিলা আনামালাইয়ের উদ্যোগে প্রায় ৭০ জনের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা তরমুজের রঙে রাঙানো ছাতা বহন করেন, যা ফিলিস্তিনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

বিচারক রায়ে উল্লেখ করেন, “প্রমাণে স্পষ্ট যে তারা আইন ভঙ্গ না করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। পথটি নিষিদ্ধ এলাকা—এমন কোনো চিহ্নও সেখানে ছিল না।” দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড হতে পারত।

This post was viewed: 54

আরো পড়ুন