প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের উপকূলীয় নিরাপত্তা, সমুদ্রসীমা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, কোস্ট গার্ডের দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জলদস্যুতা ও চোরাচালান প্রতিরোধ এবং দুর্যোগকালীন জনসেবামূলক কার্যক্রম জোরদার রাখার নির্দেশনা দেন। উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাতে কোস্ট গার্ডের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সরকার এ উন্নয়নধারা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে হবে।