ইউরোপের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতদিন এশিয়ার বিভিন্ন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেললেও এবারই প্রথম ইউরোপে প্রতিপক্ষের মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
যদিও ইউরোপীয় দলের বিপক্ষে বাংলাদেশ এর আগেও খেলেছে। ২০০১ সালে ভারতের কোচিতে অনুষ্ঠিত নেহরু কাপে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল দলটি, যেখানে তারা পরাজিত হয়।
আসন্ন ম্যাচটি সান মারিনোর জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, তারাও প্রথমবার কোনো এশীয় দলের বিপক্ষে খেলতে নামছে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে সান মারিনোর অবস্থান ২১১তম, আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে।
বাফুফে এই ম্যাচকে বাংলাদেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতেই।