আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে পর্যালোচনা বৈঠক আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
গত ৮ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পুলিশ বিভাগের পক্ষ থেকে পাঠানো ৪ হাজার এসআই (গ্রেড-১০, নিরস্ত্র) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রস্তাবিত এসব পদ দেশের বিভিন্ন ইউনিটে জনবল ঘাটতি পূরণে যুক্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পুলিশে জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি শূন্য পদ পূরণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
এর ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে কনস্টেবল ও সার্জেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।