Ridge Bangla

পারস্য উপসাগরের উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

পারস্য উপসাগরে চলমান সামরিক উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা এমন এক সময় এলো, যখন আরব সাগরে মার্কিন বাহিনী ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা হচ্ছে, তবে কোথায় বা কীভাবে এ আলোচনা চলছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “আলোচনা যে হচ্ছে, সেটা নিশ্চিত। বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। তারা কিছু একটা করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় কি না।” মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান অতীতেও আলোচনার একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন তা কাজে লাগায়নি। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করছে। ট্রাম্পের ভাষায়, “আমরা গত বছর ‘মিডনাইট হ্যামার’ অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা আর এমন কিছুর মুখোমুখি হতে চায় না।”

উল্লেখ্য, গত বছরের জুনে পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আলোচনায় বসার জন্য চাপ দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী মোতায়েন করায় সংঘাতের আশঙ্কাও বেড়েছে। তবে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, বিচক্ষণতা ও বাস্তবতার নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন