Ridge Bangla

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৮–১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতের দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির পর থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।

সোমবার সকালে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হলে প্রতিপক্ষ রাজা গ্রুপের লোকজনও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। গুলিতে ঘটনাস্থলেই গৃহবধূ চায়না খাতুন নিহত হন।

আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলাম প্রামাণিক অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাফিউল ইসলাম রাজা দাবি করেন, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং বিষয়টি তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রাতের ঘটনার জেরেই সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

This post was viewed: 4

আরো পড়ুন