Ridge Bangla

পাকিস্তানের বেলুচিস্তানে তিন দিনের সংঘর্ষে নিহত ২৫৫, সেনা সদস্য ২২ জন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিনব্যাপী ভয়াবহ সংঘর্ষ ও সন্ত্রাসবিরোধী অভিযানে মোট ২৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২২ জন পাকিস্তানি সেনাসদস্য, ৩৬ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ জন সদস্য রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানজুড়ে একযোগে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। ওইদিন বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির অন্তত ১২টি শহর ও জনপদে সমন্বিত হামলা চালায়। এতে প্রদেশজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রথম দিনের হামলায় ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা ও ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।

পরবর্তী দিনগুলোতে কোয়েটা, মাস্তুং, নুশকি, খারান, পাঞ্জগুর, গোয়াদার ও পাসনিসহ বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর হামলা অব্যাহত থাকে। নিরাপত্তা সূত্র জানায়, তিন দিনে এসব হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।

হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রদেশজুড়ে ক্লিয়ারেন্স ও স্যানিটাইজেশন অপারেশন চালায়। সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায়, অভিযানের প্রথম ধাপে ৯২ জন সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। পরবর্তী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়ায়।

আইএসপিআর দাবি করে, এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনা পাকিস্তানের বাইরে অবস্থানরত জঙ্গি নেতারা দিয়েছেন। তবে তীব্র সংঘর্ষে ২২ জন সেনাসদস্য প্রাণ হারান।

This post was viewed: 4

আরো পড়ুন