Ridge Bangla

পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে জরুরি সভা ডেকেছে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যা নিয়ে বিপাকে পড়েছে আইসিসি। তাই আজ জরুরি বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে আইসিসির সূত্রের বরাতে জানানো হয়েছে, পাকিস্তান ইস্যুতে আইসিসি একটি জরুরি ভার্চুয়াল সভা ডাকছে, যেখানে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ থাকলেও, পাকিস্তান সরকার জানিয়েছে, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে মাঠে নামবে না।

পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে দলটি অংশ নেবে না।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলেছেন, পিসিবি ও সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়াই ক্রিকেটারদের দায়িত্ব। তিনি জানান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে খেলোয়াড়দের মতামত নেওয়া হয়নি, তবে বোর্ডের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে বিশ্বকাপের সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এর জেরে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি ও বিসিসিআই চাপে পড়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন