শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে এবং নকল প্রতিরোধে দেশব্যাপী মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যথাযথ বডি সার্চ নিশ্চিত করা ও শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল দমন জোরদারের নির্দেশ দেন তিনি।
পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কনটেন্ট ছড়িয়ে পড়লে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন এবং অটোপাসের আর সুযোগ দেওয়া হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বাদ দিয়ে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। সভায় ঝুঁকিপূর্ণ পরীক্ষাকেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনাও দেওয়া হয়। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পরীক্ষাকে সফল করার আহ্বান জানান তিনি।