Ridge Bangla

নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই এলাকার রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও অস্ত্র-মাদক উদ্ধারে রাতের টহল ডিউটি পালন করছিল। এ সময় কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ তাদের দিকে এগিয়ে যায়। পুলিশকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়, তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের তল্লাশি চালালে ফাহিমের প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

This post was viewed: 5

আরো পড়ুন