Ridge Bangla

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ১২ জন

নাটোরের গুরুদাসপুরে একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস খাওয়ার পর অন্তত ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ফোলা দেখা গেছে। গুরুতর অসুস্থ তিনজনকে ১২ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামে একটি গরু হঠাৎ পেটফাঁপা হয়ে অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করে গ্রামের কয়েকজন মাংস ভাগাভাগি করে নেন। গরুর মাংস কাটা, রান্না খাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুটি তড়কা রোগে (অ্যানথ্রাক্স) আক্রান্ত ছিল এবং সেই গরুর মাংস খাওয়া বা স্পর্শ করার ফলে মানুষগুলো সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি আগে তাদের জানানো হয়নি। জবাই করা গরুর অবশিষ্ট মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে অসুস্থ পশু গোপনে জবাই না করে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন