পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে এটি দেশটির সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা। হামলায় গ্রামের ঐতিহ্যবাহী রাজাসহ একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে এই হামলা চালানো হয়। বুধবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা ১৬২ জনে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও। তিনি বলেন, ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী লাকুরাওয়া এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, যদিও এখনো কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।
স্থানীয় রাজনীতিক সাইদু বাবা আহমেদের দাবি, হামলাকারীরা গ্রামবাসীদের একত্র করে হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করে। পাশাপাশি বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক মানুষ গুলিবিদ্ধ অবস্থায় আশপাশের জঙ্গলে পালিয়ে যান। নিহতদের শনাক্তকরণ ও নিখোঁজদের খোঁজে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে ধর্মীয় বক্তব্য দিয়ে গ্রামবাসীদের রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগ ও শরিয়াহ আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসছিল। এতে অস্বীকৃতি জানানোয় ধর্মীয় সমাবেশ চলাকালে হামলা চালানো হয়।
এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার তীব্র সমালোচনা করেছে। কোয়ারা রাজ্যের গভর্নর আবদুলরহমান আবদুলরাজাক হামলাটিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হতাশার বহিঃপ্রকাশ বলে নিন্দা জানান।