চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরের ১৫ নম্বর ঘাট এলাকায় একটি বাল্কহেডে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, তাদের হাতে গোপন তথ্য আসে, সমুদ্রপথে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাল্কহেডে করে চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে।
সেই তথ্যের ভিত্তিতে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় নজরদারি শুরু করে র্যাব। অভিযানের সময় সন্দেহভাজন বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে ভেড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
পরে বাল্কহেডটির ইঞ্জিনরুমে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের বাকলিয়ার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরার মো. আনিস (২৯), আনোয়ারার করুশকুলের মো. আলী (৪৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. মনির হোসেন (৪৫) এবং লক্ষ্মীপুরের রামগতির চর কলাকুপার মো. রুবেল (২৭)।