Ridge Bangla

দেশে তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দেশে জ্বালানি ও ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে দাবি করেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, বাজারে তেলের ঘাটতির যে আলোচনা চলছে, তা মূলত কিছু অসাধু ব্যবসায়ীর কৃত্রিম সংকট সৃষ্টির ফল।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, “বাংলাদেশে অকটেন, ডিজেল, পেট্রল কিংবা ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

তিনি অভিযোগ করে বলেন, একটি চক্র বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করে। তবে সরকার এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, যাদের যানবাহন রয়েছে বা নিয়মিত তেল প্রয়োজন, তাদের অপ্রয়োজনীয়ভাবে মজুত করার দরকার নেই। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, এ বিষয়ে সরকার শুরু থেকেই আন্তরিক। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

This post was viewed: 3

আরো পড়ুন