Ridge Bangla

দুই পরকীয়া সম্পর্কের জট থেকে নৃশংস হত্যাকাণ্ড, গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিবকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয় দিনের তদন্তে খতিব হত্যার পুরো রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি জানায়, প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী শাহীনুর খাতুনের সঙ্গে প্রায় দুই বছর ধরে খতিবের গোপন সম্পর্ক ছিল। পরে শাহীনুরের সঙ্গে খতিবের ছোট ভগ্নিপতি রফিকুল ইসলামের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যেই সম্পর্ক চলাকালীন খতিব শাহীনুরের কাছ থেকে বিভিন্ন সময়ে দুই লাখ টাকা ধার করেন। খতিবের কাছে পাওনা এই দুই লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি চলছিল।

সম্পর্কের দ্বিমুখী জট এবং পাওনা টাকা থেকে উদ্ভুত দ্বন্দ্বের ফলে শাহীনুর ও রফিকুল মিলে খতিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা বাস্তবায়নে শাহীনুর মাসুদ রানা, ফরিদুল ইসলাম ও খতিবের ভগ্নিপতিকে দুই লাখ টাকার বিনিময়ে ভাড়া করে হত্যাকাণ্ড ঘটান। ঘটনার দিন শাহীনুর কৌশলে খতিবকে নদীর ঘাটে নিয়ে যান। সেখানে তাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধে হত্যা করে হাত-পায়ে ইট বেঁধে ফুলজোড় নদীতে ফেলে দেওয়া হয়।

৯ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ১২ নভেম্বর নদী থেকে ইট বাঁধা অবস্থায় খতিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি রহস্যময় হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তদন্ত করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে ১৭ নভেম্বর উপজেলার বিভিন্ন স্থান থেকে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহীনুর খাতুন, রফিকুল ইসলাম, মাসুদ রানা ও ফরিদুল ইসলাম গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।

This post was viewed: 34

আরো পড়ুন