রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে কতিপয় ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। গণপিটুনির এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করেন। স্থানীয়দের অভিযোগ, তাদের কাছে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটক করেন। পরে উত্তেজিত পরিস্থিতির মধ্যে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
গণপিটুনিতে দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা আকরামের ছেলে শাহীন (৪৬) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের বহনকারী পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আহত অন্যদের মধ্যে রয়েছেন শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।