Ridge Bangla

জুলাই সনদ অস্বীকার করা নিজেদের অস্তিত্ব অস্বীকারের শামিল: এটিএম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা এবং তা নিজেদের অস্তিত্ব অস্বীকারের শামিল। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে চকবাজার দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর দিলেও শপথ গ্রহণে অনীহা দেখিয়ে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের ফলেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। সেই আন্দোলন না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না এবং অনেকেই আজকের রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে পারতেন না।

তিনি বলেন, আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াত সরকারকে দেশ জাতির স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, তবে সরকার যদি জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে দলটি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

This post was viewed: 6

আরো পড়ুন