সরকার জুলাই জাতীয় সনদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একটি সুরক্ষা অধ্যাদেশে সই করেছে এবং এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।
রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার শেষ সময়ে ‘সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে, যা জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি গুরুত্বপূর্ণ ধারার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। জাতীয় সনদে স্বাক্ষরকারী সকল রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সনদের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে জুলাই জাতীয় সনদকে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে সরকারের যেকোনো সিদ্ধান্ত এই অঙ্গীকারের আলোকে নেওয়া হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের মাঠে রাখার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।