Ridge Bangla

জাপানে অস্বাভাবিক তুষারপাত: দুই সপ্তাহে নিহত ৩০ জন

জাপানে অস্বাভাবিক ও ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টোকিও থেকে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। টানা তুষারঝড় ও প্রচণ্ড শীতের ফলে দেশটির উত্তরাঞ্চলসহ জাপান সাগর উপকূলবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাঁর মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের ধারণা, বাড়ির ছাদ থেকে জমে থাকা তুষার ধসে পড়ে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি নিজেই বরফ সরানোর চেষ্টা করছিলেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম কিছু এলাকায় এখনো ৪ দশমিক ৫ মিটার বা প্রায় ১৫ ফুট পর্যন্ত তুষার জমে রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে আরও কঠিন করে তুলেছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তীব্র তুষারপাতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে।

This post was viewed: 3

আরো পড়ুন