জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকা বহাল রেখে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ মার্চ ও ১৫ আগস্টসহ কয়েকটি দিবস তালিকা থেকে বাদ রাখা হয়েছে, তবে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এর ফলে ৭ মার্চ, ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবসসহ কয়েকটি দিবস তালিকা থেকে বাদই থাকছে।
পরিপত্রে দিবসগুলোকে আগের মতো তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- ক, খ ও গ।
ক-শ্রেণিতে থাকা ১৭টি জাতীয় দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন অব্যাহত থাকবে।
খ-শ্রেণির ৩৭টি দিবস উল্লেখযোগ্য পরিসরে পালনের কথা বলা হয়েছে। এসব অনুষ্ঠানে মন্ত্রীদের সম্পৃক্ততা থাকবে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। এ ধরনের অনুষ্ঠানের জন্য সরকারি তহবিল থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যাবে।
গ-শ্রেণির ৩৫টি দিবস সীমিত পরিসরে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এসব কর্মসূচির জন্য আলাদা কোনো উন্নয়ন বরাদ্দ থাকবে না।