পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে আবহাওয়া প্রতিকূল বা অনিবার্য কারণে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি রাজধানীবাসীকে পরিবারসহ ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান।
ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে।