দেশের বাজারে মোটা চালের দাম বাড়ার সংবাদ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের খুচরা বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলেও জানান তিনি। সরকারি সূত্র জানায়, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি, মজুতদারদের বিরুদ্ধে অভিযান এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো বিলবোর্ড, বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্যসম্পদ লুণ্ঠন প্রতিরোধে নিয়মিত টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।