গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার (১৩ মার্চ) হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের বিশেষ কক্ষে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সময় তিনি রোগীর পরিবারকে আশ্বস্ত করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা এ সময় উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে।
জানা গেছে, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থাকে গুরুতর উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।