Ridge Bangla

গাজীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ১১ সদস্য

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ মামলার দুই আসামিকে আটক করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। রোববার (১ মার্চ) রাতে গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে ঘটা এ ঘটনায় দুই থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় এক অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০) কে ধরতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে যায়। রাতের ওই অভিযানে স্থানীয় শ্রীপুর থানা পুলিশও তাদের সহায়তা করে।

অভিযানের সময় দুই আসামিকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার মুহূর্তে তাদের স্বজনরা ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং রাস্তা আটকে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে কয়েকজন নারী সদস্য পুলিশ সদস্যদের কামড়ে আহত করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালায়। এসময় তারা ছিনিয়ে নেওয়া দুই আসামির পাশাপাশি আরও দুজনকে আটক করে। আহত ১১ সদস্যের মধ্যে ছয়জন টাঙ্গাইল সদর থানায় এবং পাঁচজন শ্রীপুর থানায় কর্মরত বলে জানা গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন