একাত্তরের ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি সেবাসংশ্লিষ্ট স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এই কর্মসূচির বাইরে থাকবে।
মন্ত্রণালয় আরও জানায়, দিবসটির গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের স্মরণ এবং সেই ভয়াবহ গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে সরকার।