Ridge Bangla

কে এই আয়াতুল্লাহ আলি খামেনি?

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করে আসছেন। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি। ১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাসক মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান খামেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলি খামেনি।

১৯৩৯ সালে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় বিশেষজ্ঞের ঘরে জন্ম নেওয়া আলি খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন, পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। ১৯৬২ সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। এ কারণে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আলি খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপপ্রতিরক্ষামন্ত্রী হন এবং ‘ইসলামিক বিপ্লবী গার্ড কোর’ সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়।

১৯৮১ সালে এক বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার ওপর সেই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ওপর। ওই হামলায় খামেনি তার ডান হাতের কার্যক্ষমতা সারা জীবনের জন্য হারিয়ে ফেলেন। এ ঘটনার দুই মাস পর একই গোষ্ঠী ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলি খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আট বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।

১৯৮৯ সালের জুনে খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (ধর্মীয় আলেমদের একটি পরিষদ) আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তবে খামেনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা ‘গ্র্যান্ড আয়াতুল্লাহ’ অর্জন করতে সক্ষম হননি। পরে ইরানের সংবিধানে সংশোধন আনা হয়। সেই সংশোধনে বলা হয়, সর্বোচ্চ নেতাকে ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং আলি খামেনি নির্বাচিত হতে পারবেন।

ইরানের রাজনৈতিক কাঠামোয় ধর্মীয় সর্বোচ্চ নেতাই রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই হিসেবে খামেনির রাষ্ট্রের নির্বাহী, সামরিক ও বিচার বিভাগ- সবকিছুর ওপর চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। প্রেসিডেন্ট ও সংসদ থাকলেও গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তে সর্বোচ্চ নেতার মতই চূড়ান্ত বলে বিবেচিত হয়। একই সঙ্গে তিনি দেশটির আধ্যাত্মিক নেতাও। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বিরোধ আরও প্রকট হয়েছে। অধিকাংশ সময়ই কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে দেশটি। এতে অর্থনৈতিক সংকট বাড়ায় একাধিকবার সরকারবিরোধী বিক্ষোভও হয়েছে।

যে কারণে তিনি আমেরিকা-ইসরায়েলের টার্গেটে ছিলেন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা অতীতে খামেনিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে দীর্ঘদিনের সংঘাতের অবসান হতে পারে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছিলেন, ‘খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইসরাইল ধ্বংসের লক্ষ্য নিয়ে একটি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন- তার অস্তিত্ব অব্যাহত থাকতে পারে না।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরানের জনগণ চাইলে সরকার পরিবর্তন সম্ভব এবং সেটিই ‘সেরা পরিণতি’ হতে পারে। অতীতে তিনি খামেনিকে ‘সহজ লক্ষ্যবস্তু’ বলেও মন্তব্য করেছিলেন।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলার লক্ষ্য হতে পারে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দুর্বল করা। কৌশলগতভাবে শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন বা অকার্যকর করা গেলে রাষ্ট্রযন্ত্রে অস্থিরতা তৈরি হতে পারে- এমন ধারণা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।

This post was viewed: 2

আরো পড়ুন