কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়া এলাকায় পদুয়ারবাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। পথে জাঙ্গালিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নার্স মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালের মেঝেতে ১২ জনের মরদেহ রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অন্তত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।