কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী ফলাফল ঘোষণা করেন। মোট ১৪টি পদের মধ্যে ফোরাম ৯টিতে জয়লাভ করে, আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি পদে বিজয়ী হয়।
সভাপতি পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি পদে ফোরামের অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক জয়ী হন। পাশাপাশি সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতী মো. জাকির খানও একই পদে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের দুই প্রার্থী নির্বাচিত হন।
লাইব্রেরিয়ান, সাংস্কৃতিক সম্পাদক ও অডিটর পদে ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সদস্য পদে দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে উভয় পক্ষের প্রার্থীরা জয়ী হন। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।