Ridge Bangla

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০ জন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই গ্রামের নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঈদের আগ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে সোমবার সকালে হেমন্তগঞ্জের লাউকুড়া মাঠে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হন।

আহতদের মধ্যে নজির গ্রুপের ২১ জন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

This post was viewed: 3

আরো পড়ুন