অফিসে লাইসেন্স ছাড়া চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায়ের এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্ত-সংশ্লিষ্ট দুই সিআইডি কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের দিন ঠিক করেন। মামলায় অভিযোগপত্রভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত তিন জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। লাইসেন্স ছাড়া মদ রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। প্রায় পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
প্রসিকিউশন পক্ষ দাবি করেছে, সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে।