বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষকদের স্বামী বা স্ত্রীর সরকারি চাকরির তথ্য যাচাই করা হবে অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা বা ‘আইবাস++’ সফটওয়্যারের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ কথা জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
এই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় খুব শিগগিরই অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
নীতিমালার অনুচ্ছেদ ৩.৮ (গ) অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের স্বামী বা স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার বিধান রাখা হয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় তথ্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ‘আইবাস++’ সিস্টেমে সংরক্ষিত আছে। শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করেই কোনো সরকারি কর্মচারীর বর্তমান কর্মস্থল, পদবি ও অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব।
এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভুল তথ্য রোধে মাউশিকে আইবাস++-এর সঙ্গে যোগাযোগ করে এপিআই (API) সংযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।