জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সব ব্যাংকে করা লেনদেনের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।
একটি অভিযোগের প্রেক্ষিতে সোমবার সব ব্যাংকে চিঠি প্রেরণ করে বিএফআইইউ তার তথ্য চেয়েছে। জানানো হয়, ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থানে ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ ও আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন। এর আগে পদত্যাগ করেন এনসিপির আহ্বায়ক ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম।
আসিফ মাহমুদ ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন এবং ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।