চাঁদপুরে মোবাইল ফোনে অসতর্কভাবে একটি অ্যাপ ইনস্টল করার পর সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক জ্যোতিষ গবেষক। এ ঘটনায় তিনি প্রায় ৪২ হাজার টাকার বেশি হারিয়ে এখন বিপাকে রয়েছেন।
প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯), শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, অসাবধানতাবশত একটি সন্দেহজনক অ্যাপ ফোনে ইনস্টল করার পর তার মোবাইল হঠাৎ অচল হয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় ফোন চালু করলে তিনি বুঝতে পারেন, ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রতারকরা তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা এবং মোবাইলে সংযুক্ত সোনালী ব্যাংকের অ্যাপ থেকে আরও প্রায় ৩০ হাজার টাকা সরিয়ে নেয়। অর্থ লেনদেনের নম্বরগুলো মোবাইলের মেসেজে পাওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ৪ এপ্রিল জিডি করার পরও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে করে তিনি হতাশায় ভুগছেন এবং দ্রুত আইনি সহায়তা কামনা করছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হবে।