পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির ষষ্ঠ দিন আজ রোববার (৮ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ এবং ১৭ মার্চের টিকিট ৭ মার্চ বিক্রি করা হয়েছে। আগামী ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদকে কেন্দ্র করে টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইনে চাপ তৈরি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।