পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকেই আব্দুল্লাহপুর বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এতে মহাসড়কসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। বিকেলের পর থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে এবং ইফতারের পর সন্ধ্যায় সেই ভিড় আরও বেড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে টিকিট সংগ্রহের জন্য যাত্রীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিছু পরিবহনের টিকিট না পাওয়া গেলেও বেশিরভাগ বাসেই টিকিট মিলছে। তবে যাত্রীদের অভিযোগ, বাড়তি আয়ের আশায় অনেক বাস নির্ধারিত রুটে না গিয়ে একাধিক ট্রিপ দিচ্ছে। ফলে কিছু রুটে বাসের সংকট তৈরি হয়েছে।
যাত্রীরা জানান, সাধারণ সময়ে ঢাকা থেকে রংপুর রুটে বাস ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা হলেও এখন তা বেড়ে ১৫০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বাস না পেয়ে অনেকেই ট্রাকসহ বিকল্প যানবাহনে যাতায়াত করছেন, যেখানে জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।
তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কাউন্টার মাস্টাররা। তাদের দাবি, ফেরার পথে বাস খালি যাওয়ার কারণে কিছু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও কোথাও কোথাও যাত্রীর চাপ তুলনামূলক কম দেখা গেছে।