লেবাননে ইরানি দূতাবাসে হামলার কোনো প্রয়াস হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। তিনি বলেন, ‘ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করে অপরাধ করেছে। যদি লেবাননে আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তবে আমরা বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হব।’
শেকারচি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক বিবেচনাবোধ ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।
ইসরায়েলি হুমকির জবাবে তিনি বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী কোনো আগ্রাসন চালায়, আমরা নিঃসন্দেহে পাল্টা জবাব দেব।’
শেকারচি চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে ইরান তার সংকল্প থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে আগাম সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও প্রয়োজনীয় প্রতিকার নিতে ছাড় দেবে না।