ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব কি বাড়ছে?
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে সামরিক অভিযানের ক্ষেত্রে ভ্যান্স প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ওই অভিযানকে সফল বলে উল্লেখ করেছিলেন। সে সময় তিনি অভিযানের প্রশংসা করতে গিয়ে বারবার ‘অবিশ্বাস্য’ শব্দটি ব্যবহার করেছিলেন।
এ ছাড়া গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে চালানো একটি অভিযানের পরও ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঠোর ভাষায় সেই অভিযানের সমর্থন জানিয়েছিলেন।
তবে এবার ইরানে হামলা শুরু হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে প্রকাশ্যে কোনো সমর্থন বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকেরা বলছেন, এই নীরবতা রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি করছে।