ইরানের সামরিক কমান্ড বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে। পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজে হামলার পর তেহরান এই সতর্কবার্তা প্রদান করেছে।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ তাদের মিত্র দেশগুলো এই অঞ্চলে তেল সরবরাহের চেষ্টা করলে তা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, “এক লিটার তেলও শত্রুদের কাছে যেতে দেওয়া হবে না।”
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর হরমুজ প্রণালির মাধ্যমে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। এর ফলে তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জরুরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। সংস্থার ৩২টি সদস্য দেশ একমত হয়ে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল জরুরি মজুত থেকে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান নয়। হরমুজ প্রণালির প্রতিদিনের সরবরাহ মজুত থেকে পূরণ করা সম্ভব নয়, তাই সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বৃদ্ধি পাবে।