ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির আটটি গুরুত্বপূর্ণ সেতুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব সেতু ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) কর্তৃক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ কারণে সেগুলোকে কৌশলগত লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়।
এর আগে ইরানের রেলপথ ও সেতুতে হামলার বিষয়ে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফারসি ভাষায় এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ইরানি সাধারণ জনগণকে উল্লেখিত সময়ের মধ্যে রেল ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
হামলার পর সামরিক বাহিনী তাদের আনুষ্ঠানিক টেলিগ্রাম চ্যানেলে হামলার বিস্তারিত তুলে ধরে।
জানা গেছে, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ একাধিক এলাকায় এসব হামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।