মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনের দিনগুলো সহজ হবে না, বরং কঠিন হতে পারে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে, তবে সরকার তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের এই সংকট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং অপ্রয়োজনীয় আতঙ্ক এড়িয়ে চলতে হবে।” কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সমাজের জন্য ক্ষতিকর। ধর্মের সঠিক চর্চা ও সৎ কাজের মাধ্যমেই মানুষ সফলতা অর্জন করতে পারে।
প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো অনিয়ম বা অভিযোগ না ওঠে। বিশেষ করে খাল পুনঃখনন প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।