চব্বিশে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আলোচিত এ মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়।
এছাড়া মামলায় বেরোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মেয়াদের সাজা পেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া।
অন্যদিকে, মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ নেতাকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।