পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। ভোর থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুরকেন্দ্রিক বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট ছাড়বে পরিবহন কোম্পানিগুলো। একই দিন থেকে রেলের টিকিটও বিক্রি শুরু হবে, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গত শনিবার সভা করে ৩ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়। সংগঠনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, সকাল থেকে কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই টিকিট বিক্রি চলবে। ১২ মার্চ থেকে ‘ঈদের ভাড়া’ কার্যকর হবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো থাকবে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলেও জানান তিনি।
রেলের ক্ষেত্রে মঙ্গলবার সকাল থেকে ১৩ মার্চের টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হবে। গতবারের মতো এবারও সব টিকিট অনলাইনে বিক্রি হবে। অতিরিক্ত চাপ এড়াতে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে ছাড়া হবে।
এদিকে, নন-এসি বাসের ভাড়া বিআরটিএ নির্ধারণ করলেও এসি ও স্লিপার কোচের ভাড়া নিয়ন্ত্রণের বাইরে থাকে। প্রতি ঈদেই এসব বাসের ভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ ওঠে। যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।