Ridge Bangla

আজ নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী

কবি, লেখিকা ও নারী আন্দোলনের প্রখ্যাত ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের সাহিত্য, নারী আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে এক উজ্জ্বল প্রতীক।

সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়ে তিনি গৃহেই শিক্ষিত হন। মায়ের উৎসাহে বাংলা শিক্ষা অর্জন করেন এবং মামার লাইব্রেরি থেকে সাহিত্যের সঙ্গে পরিচিত হন। ১৭ বছর বয়সে তার প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশিত হয়। এরপর সাহিত্য চর্চা ও নারীর সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেন।

১৯৩৮ সালে প্রথম স্বামীর মৃত্যুর পর কলকাতার করপোরেশন স্কুলে চাকরি শুরু করেন। সাহিত্যের পাশাপাশি সমাজসেবা ও নারীদের অধিকার বিষয়ে কাজ চালিয়ে যান। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর ঢাকায় এসে ভাষা আন্দোলন, শিশু ও নারী কল্যাণ কার্যক্রমে নেতৃত্ব দেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করেন; দুই কন্যা মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ভারতের আগরতলায় মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল স্থাপন করেন।

সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো গল্প সংকলন ‘কেয়ার কাটা’, ‘সাঝের মায়া’ এবং রুশ ও ইংরেজিতে অনূদিত কবিতা সংকলন। তিনি ২০টিরও বেশি গ্রন্থ প্রকাশ করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), একুশে পদক (১৯৭৬), বেগম রোকেয়া পদক (১৯৯৬)সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। সাহিত্য, নারী অধিকার ও সমাজসেবার ক্ষেত্রে সুফিয়া কামালের অবদান বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।

This post was viewed: 38

আরো পড়ুন