Ridge Bangla

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত সেই পতাকা উত্তোলন করেন।

একাত্তরের অগ্নিঝরা মার্চের ২ তারিখে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা সংগ্রাম নতুন মাত্রা পায়। একই দিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এ দিনটি।

দেশের বাইরে প্রথমবার বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে। সেখানে ডেপুটি হাইকমিশনের প্রধান এম হোসেন আলী পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডাকসুর সাবেক ভিপি ও প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রবের।

This post was viewed: 3

আরো পড়ুন