আজ ২ মার্চ (সোমবার) পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। তবে দিবসটি উপলক্ষে ঘোষিত সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জারি করা এক আদেশে বলা হয়েছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নির্বাচন কমিশন এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, নির্ধারিত তারিখে দিবসটি পালিত হলেও এ বছর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে এসব কর্মসূচি আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা রয়েছে ১ হাজার ২৩২ জন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরতেই জাতীয় ভোটার দিবস পালন করা হয়।