ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আগামী চার বছর ডেনমার্কের জন্য ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে, এ কারণেই জনগণের নতুন ম্যান্ডেট প্রয়োজন।”
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন ঘোষণা দিলেন তিনি। আর্কটিক অঞ্চলে অবস্থিত জনবিরল দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্প প্রশাসন দ্বীপটির কৌশলগত গুরুত্ব উল্লেখ করে এর নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও সামরিক কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড এখন বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। এ পরিস্থিতিতে আগাম নির্বাচন ডেনমার্কের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।