Ridge Bangla

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (১১ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের প্রধান সুহেল দাউদ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষ করে সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহায়তার বিষয় উল্লেখ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির এফবিআই প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পিবিআই, সিআইডি, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে এফবিআইয়ের সহযোগিতা আরও জোরদার করা হলে অপরাধ দমন তদন্ত কার্যক্রম আরও কার্যকর হবে।

সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা তথ্য বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন