Ridge Bangla

২৬ মার্চে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জ্বালানি সংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য সংকট এড়াতে সরকার এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি একে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয় ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এ ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

এছাড়া ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও যানবাহন চলাচল সংক্রান্ত সমন্বয় করা হয়েছে বলে জানান মন্ত্রী।

This post was viewed: 4

আরো পড়ুন