Ridge Bangla

বর্তমান সরকারেও শেখ হাসিনা আমলের দলীয়করণের প্রবণতা এখনো দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে দলীয়করণ করা হয়েছিল, বর্তমান সরকারেও সেই প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সরকারি দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফরিদপুর বিভাগীয় এনসিপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইফতারের আগে আয়োজিত আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশকে দলীয়করণ করা হয়েছিল। বর্তমান সরকারের এক মাস না পেরোতেই একই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, “৭ মার্চ, মুক্তিযুদ্ধ বা শেখ মুজিবের নাম ব্যবহার করে যদি ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” ফ্যাসিবাদের বিচার এ দেশের মাটিতেই হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নাহিদ ইসলাম আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হোসেন চুপ্পুকে অপসারণের দাবি জানান। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে এনসিপি ও ১১ দলকে নতুন সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের বৈধতা নিয়ে আদালতে ষড়যন্ত্র চলছে।

This post was viewed: 4

আরো পড়ুন